
কামরুল হাসান জুয়েল,নরসিংদী জেলা প্রতিনিধি :
আমি পেশাগত দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সত্য তুলে ধরা এবং মানুষের কণ্ঠস্বর প্রকাশ করাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত আমাকে বিভিন্ন অফিস-আদালত, প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ স্থানে উপস্থিত থাকতে হয়—যা আমার পেশারই অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, কিছু অসাধু ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুকে—ভুয়া আইডি ব্যবহার করে আমাকে এবং আমার সহকর্মীদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা আমার ও আমার অফিস স্টাফদের ছবি ও ভিডিও ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের হেয় প্রতিপন্ন ও হেনস্তা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—এই ধরনের অপপ্রচার, মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। ইতোমধ্যে এই ভুয়া আইডির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এছাড়াও বিশেষভাবে সতর্ক করে দিচ্ছি—আপনারা যারা এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করে এই অপপ্রচারকে উৎসাহিত করছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, এই ধরনের অপপ্রচার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন।
এদিকে, এই ভুয়া আইডির সঠিক সন্ধান বা তথ্য যিনি/যারা দিতে পারবেন, তাকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার টাকা) নগদ পুরস্কার প্রদান করা হবে। তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে এবং প্রদত্ত তথ্য যথাযথ প্রমাণসহ হতে হবে।
সকলের প্রতি আহ্বান জানাচ্ছি—অযাচিত, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন। অন্যথায় এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
সত্যের পথে যারা কাজ করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। তবে মনে রাখতে হবে—মিথ্যা যতই ছড়ানো হোক, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই।
ধন্যবাদান্তে,
কামরুল হাসান জুয়েল
নরসিংদী জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের সময়