
শিশু-যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে গাজীপুরে সমন্বয় সভ
নিজস্ব প্রতিবেদক :
শিশু ও যুবদের নিরাপত্তা, অধিকার এবং ডিজিটাল মাধ্যমে নিরাপদে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করতে গাজীপুরে স্থানীয় পর্যায়ের অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর গাজীপুর প্রেস ক্লাবে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত এ সভায় সিএসও, যুবদল ও শিশুদলের প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শিশু ও যুবদের অধিকার সুরক্ষার পাশাপাশি বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের জন্য তৈরি হওয়া বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অনলাইন যৌন হয়রানি ও শোষণ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ঘটনা চিহ্নিতকরণ, দ্রুত সহযোগিতা প্রদান এবং প্রয়োজনীয় সেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, শিশু ও যুবদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির দায়িত্ব নয়। পরিবার, কমিউনিটি, সিএসও, যুব ও শিশু সংগঠন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশু ও যুবদের নিজেদের মতামত প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগও বাড়াতে হবে।
সভায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রজেক্ট অফিসার মো: মাইনউদ্দিন সমন্বয় সভার বিভিন্ন কার্যক্রম, চলমান উদ্যোগ এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় জোরদার এবং শিশু ও যুবদের সুরক্ষায় অংশীজনদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশ নেওয়া শিশু ও যুব প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অভিভাবক ও কমিউনিটি প্রতিনিধিরাও শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে মতামত দেন। অন্যদিকে স্থানীয় সাংবাদিকরা শিশু ও যুবদের অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার সেলিনা আক্তার ও কমিউনিটি অর্গানাইজার সাদিয়া আফরিন।
“স্পিক আপ! এমপাওয়ারিং সিএসওস টু প্রোটেক্ট চিলড্রেন অ্যান্ড ইউথ ফ্রিডম অব এক্সপ্রেশন বাই ক্যাপিটালাইজিং অন অপারচুনিটিজ অ্যান্ড অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জ অব দ্য ডিজিটাল স্পেস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), কারিগরি সহায়তায় রয়েছে টেরে দেস হোমস নেদারল্যান্ডস এবং অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন।