
গাজীপুরে শিশু ও যুবদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ওরিয়েন্টেশন সভা
নিজেস্ব প্রতিবাদ :
গাজীপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে সিএসও, যুব গ্রুপের প্রতিনিধি ও শিশু দলের প্রতিনিধিদের অংশগ্রহণে শিশু অধিকার, অনলাইন নিরাপত্তা এবং অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ বিষয়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেদ হোসেন এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সিনিয়র স্টাফ ল’ইয়ার শিল্পী সাহা।
সভা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রজেক্ট অফিসার মো. মাইনউদ্দিন সঞ্চালনা করেন এবং প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিশু ও যুবদের মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ অংশগ্রহণ, অনলাইন যৌন নির্যাতন ও শোষণ (OSEA) প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় স্থানীয় পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা তুলে ধরেন।
সভায় শিশু ও যুব প্রতিনিধিরা অনলাইন ও অফলাইন বিভিন্ন ধরনের ঝুঁকি, শিশুদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় শিশু অধিকার রক্ষা, অনলাইন নির্যাতন ও শোষণের ঘটনা শনাক্তকরণ, দ্রুত প্রতিক্রিয়া এবং প্রয়োজনীয় সেবা ও সহায়তার সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন শিশু ও যুবদের নিরাপত্তা নিশ্চিতকরণে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিশু ও যুবদের সুরক্ষা এবং অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রকল্পের সার্বিক বাস্তবায়ন ও কার্যক্রমে সহযোগিতা করেন আইন ও সালিশ কেন্দ্রের কমিউনিটি অর্গানাইজার সেলিনা আক্তার ও সাদিয়া আফরিন। এছাড়া সিএসও প্রতিনিধি, যুব গ্রুপের সদস্য এবং শিশু দলের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, “Speak Up! Empowering CSOs to protect children and youth’s freedom of expression by capitalizing on the opportunities and addressing the challenges of the digital space in Bangladesh” প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। প্রকল্পটির আর্থিক সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (EU), কারিগরি সহায়তায় Terre des Hommes (TdH) Netherlands এবং কৌশলগত বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (ASK) কাজ করছে।