
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বানীয়ারচালায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুতের দায়ে ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১০ লাখ টাকার সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। মজুতকারী ব্যবসায়ী স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় ১টি মামলা দায়ের করে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একই সঙ্গে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত সিগারেট বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপটেন ইফতেখার আহমেদ, সিনিয়র এএসপি দেবজিত পাল, স্কোয়াড কমান্ডার পোড়াবাড়ী ক্যাম্পসহ র্যাব-১-এর সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মোঃ বদরুজ্জামান ইমন।
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মঈন খান এলিস জানিয়েছেন, জব্দকৃত সিগারেট স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে। তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অস্থিরতা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।