
নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল মাখিয়ে বিক্রি: জয়দেবপুরে ৬ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
জয়দেবপুরে মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল মেখে নতুন ও আকর্ষণীয় হিসেবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে জয়দেবপুরের কালিমন্দির এলাকায় খেজুর ও কলাপট্টির ফলের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পুরনো ও মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল মেখে তা চকচকে করে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৬টি দোকানকে তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, প্রভাকর রায়, আহমেদ আলী আদনান ও মোঃ আরিফ হোসাঈন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।