নৌকা বাইচে ফিরবে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি: ড. আবদুল মঈন খান
কামরুল হাসান জুয়েল, নরসিংদী।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, দেশের অবকাঠামোগত ও বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশের দিকেও গুরুত্ব দিতে হবে। এজন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতেন, সময়ের পরিবর্তন ও নানা সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মধ্য দিয়ে মানুষের মাঝে সেই আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান নৌকা বাইচের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বয়সী মানুষ নদীর দুই পাড়ে জড়ো হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।