গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের আজিমউদ্দিন কলেজ রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, যুব ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অনলাইন ও অফলাইনে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালিটি আজিমউদ্দিন কলেজ রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর সমান অধিকার, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, কর্মসূচিটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ সহায়তায়, টেরে ডেস হোমসের কারিগরি সহযোগিতায় এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর কৌশলগত বাস্তবায়নে আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।