নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাব উপজেলায় চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই মুরগি বিক্রির ৪ লাখ টাকা ও নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া (৪১), পিতা—মৃত আব্দুল মান্নান ভূঁইয়া, সাং—বীর বাঘবের, থানা—বেলাব, জেলা—নরসিংদী নিখোঁজ হন। পরে ২৯ জানুয়ারি রাত আনুমানিক ৭টার দিকে তার মালিকানাধীন মুরগির ফার্ম সংলগ্ন বর্জ্য ফেলার ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং—১৯(১)২৬; ধারা—৩০২/৩৮০/৩৮১/২০১/৩৪ দণ্ডবিধি)।
নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। ডিবির এসআই (নিরস্ত্র) শেখ মো. জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলা থেকে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যমতে পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকা থেকে অপর আসামি আবুল কালাম (৪৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১), পিতা—মো. সাইফুল ইসলাম, থানা—মদন, জেলা—নেত্রকোনা।
২. আবুল কালাম (৪৫), পিতা—মৃত হেলাল উদ্দিন, থানা—কটিয়াদী, জেলা—কিশোরগঞ্জ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।