শীতের স্বাদে ঐতিহ্যের মিলনমেলা: গাজীপুরে সমাজ উন্নয়ন সোসাইটির পিঠা উৎসব
গাজীপুর প্রতিনিধি :
শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্য আর বাঙালির আবেগকে নতুন করে প্রাণবন্ত করে তুললো গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি। সংগঠনটির উদ্যোগে আয়োজিত শীতকালীন পিঠা উৎসব–২০২৬ গতকাল রোববার বিকেলে মহানগরীর হাবিবুল্লাহ স্মরণিস্থ ইকবাল কুটিরের নিচে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ সচিব) মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, “পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি সুন্দর মাধ্যম।”
গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হেলেনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সাধারণ সম্পাদক এ এম আশরাফ হোসেন টুলু, গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তবলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক জান-এ-আলম, সাপ্তাহিক পিলসুজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান খান, দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়াসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা সুরাইয়া।
উৎসবে ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, পুলি, দুধচিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল দর্শনার্থীদের আকৃষ্ট করে। পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেওয়া মানুষজন শীতের বিকেলে পিঠার স্বাদে ও আনন্দে মেতে ওঠেন।